২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ক্যাম্পাসে ছিনতাই: নিরাপত্তার দাবিতে মানববন্ধন

সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া কয়েকটি ছিনতাইয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2022, 06:13 PM

Updated : 28 Apr 2022, 11:22 PM

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ মানববন্ধনে বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিঠুন চন্দ্র মোহন্ত বলেন, “আজ আমরা এখানে নিজেদের নিরাপত্তার দাবিতে দাঁড়িয়েছি। অথচ ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রক্টরিয়াল বডির।”

গত কয়েকদিনে ক্যাম্পাসে বেশ কয়েকটি ছিনতাই হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “প্রতিটি ছিনতাইয়ের ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করছি। এর ব্যতয় হলে আমরা প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে বাধ্য হব।”        

পপুলার সায়েন্স বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আমানউল্লাহ আমান বলেন, “যখন ছিনতাইয়ের ঘটনা বার বার ঘটে এবং তার কোনো বিচার বা ব্যবস্থা নেওয়া হয় না তখনই এমন একটি নিরাপত্তাহীন অবস্থা তৈরি হয়। প্রক্টরিয়াল বডি অনেকটাই ব্যর্থ ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে। আমরা এই প্রক্টরিয়াল বডির পদত্যাগ ও শিক্ষার্থীদের নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি।”   

পেইন্টিং, ওরিয়েন্টাল আর্ট অ্যান্ড প্রিন্ট মেকিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষাথী আশফাক আহমেদ বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ে একেবারেই নতুন। তবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমি শঙ্কিত। তাই আমার মতো হাজারো শিক্ষার্থীর নিরাপত্তার নিশ্চয়তা ও ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”  

সবশেষ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এক ছাত্রী ছিনতাইয়ের শিকার হন। এছাড়া শুক্রবারও চারুকলার সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে।