দিনাজপুর হাসপাতালে চুরি হওয়া নবজাতক উদ্ধার
দিনাজপুর জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়ার ২৪ ঘণ্টা পর নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের বড় জয়দেবপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে পুলিশ সুপার আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান।
আটক শিউলি আরা ওই এলাকার ট্রাক্টর চালক মোস্তাফিজুর রহমানের স্ত্রী।
জায়েদা বেগম নামে এক নারী সোমবার সকালে দিনাজপুর জেনারেল হাসপাতালে ওই নবজাতকের জন্ম দেন। দুপুরে ওই নারীর বোন হাজেরা বেগম নবজাতককে শিউলির কাছে রেখে টয়লেটে গেলে তিনি শিশুটিকে নিয়ে পালিয়ে যান।
পুলিশ সুপার সাংবাদিকদের জানান, শিউলির ঘর থেকে সকালে শিশুর কান্না শুনে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ শিউলির বাড়ি থেকে ওই নবজাতককে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করে।
শিউলির বরাতে এ পুলিশ কর্মকর্তা বলেন, “শিউলি বর্তমানে দ্বিতীয় সংসার করছেন। এ ঘরে কোন সন্তান না থাকায় তিনি ওই নবজাতককে চুরি করেন।”
