২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যা, গ্রেপ্তার ১

ঢাকার সাভার উপজেলায় ছুরিকাঘাতে এক যুবক নিহত ও আরেকজন আহত হয়েছেন। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2022, 07:50 PM

Updated : 02 Aug 2022, 02:26 PM

শনিবার রাতে রাজফুলবাড়িয়ার শোভাপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার এসআই এখলাস উদ্দিন জানান।

নিহত এনামুল মিয়া (৩০) গাইবান্ধার সদর থানার সোনাইডাঙ্গা গ্রামের মিনু মিয়ার ছেলে।  শোভাপুর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি ফার্নিচার কারখানায় কাজ করতেন তিনি।

আহত তসলিম (২৬) শোভাপুর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় রোববার ভোরে গ্রেপ্তার হওয়া তুষার (২৮) একই এলাকার মোশারফ হোসেনের ছেলে।

এসআই এখলাস উদ্দিন আহত তসলিমের বরাতে বলেন, “কথা কাটাকাটির জের ধরে মধ্যরাতে শোভাপুর এলাকায় এনামুল ও তসলিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তুষার।

“খবর পেয়ে রাতেই পুলিশ আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ভোরে এনামুল মারা যান। তসলিম আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।”

এখলাস উদ্দিন আরও জানান, ঘটনার পরপরই তুষারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় চারটি মামলা রয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে; এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে এসআই এখলাস জানান।