বগুড়ায় যুবলীগ নেতাকে মারধরের মামলায় ১১ আসামি
বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সভাপতি শেখ মতিউর রহমানকে মারধরের অভিযোগে এক সপ্তাহ পর থানায় মামলা হয়েছে।
শনিবার শেখ মতিউর রহমান নিজে বাদী হয়ে তার দলের নেতাকর্মীসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫/৭ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
এ ব্যাপারে শেখ মতিউর রহমান বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে ২০১২ সালে মাইদুল ইসলাম রনি ও তার লোকজন তাকে কুপিয়ে আহত করেছিলেন। এ ঘটনায় ধুনট থানায় একটি মামলা (মামলা নং- জিআর ৮৯/১২) দায়ের করেছিলেন তিনি।
পরে জামিনে বের হয়ে তারা বিভিন্ন সময় মতিউরকে হুমকি দিয়ে আসছিলেন এবং এর জেরে তারা আবারও হামলা চালিয়ে তাকে আহত করে বলে তার অভিযোগ।
মামলার নথি থেকে জানা যায়, গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় শেখ মতিউর রহমান ধুনট কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আলম মিন্টু, মাইদুল ইসলাম রনি ও আলেফ বাদশাহসহ তাদের লোকজন মতিউর রহমানের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধুনট হাসপাতালে ভর্তি করে।
মাইদুল ইসলাম রনি বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার জেরে মতিউর রহমান আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। তাকে কোনো মারধর করা হয়নি।”
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, “যুবলীগ সভাপতিকে মারধরের অভিযোগে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৫/৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
