হবিগঞ্জে বিএনপির সমাবেশে গুলি: মামলায় এসপিসহ ৫৪ পুলিশ
হবিগঞ্জে বিএনপির সমাবেশে গুলিবর্ষণের ঘটনায় জেলার এসপিসহ ৫৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুলতান উদ্দিন প্রধানের আদালতে মামলাটি দায়ের করেন জেলা বিএনপির সদস্য শামছুল ইসলাম।
আদালত আগামী সোমবার এ বিষয়ে আদেশ দেওয়ার তারিখ নির্ধারণ করেছে।
মামলায় আসামিদের মধ্যে রয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সদর থানার ওসি মাসুক আলী, ডিবির ওসি আল-আমিন, পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ, এসআই (নিরস্ত্র) নাজমুল হাসান, এএসআই আবু জাবের, এএসআই বাপ্পী রুদ্র পাল, এএসআই আলমগীর হোসেন প্রমুখ।
মামলায় অভিযোগ করা হয়, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে হবিগঞ্জ জেলা বিএনপি গত ২২ ডিসেম্বর একটি সমাবেশ আহবান করে। সমাবেশের জন্য হবিগঞ্জ পৌরসভা মাঠ ও চিলড্রেন পার্ক ব্যবহারে প্রশাসনের অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি।
মামলায় বলা হয়, এরই মধ্যে জনসভার বিষয় প্রচার হয়ে যাওয়ায় বাধ্য হয়ে শায়েস্তানগরে দলের কার্যালয়ের সামনে সমাবেশ করার সিদ্ধান্ত নেয় জেলা বিএনপি। যথারীতি বিষয়টি লিখিতভাবে হবিগঞ্জের পুলিশ সুপারকে অবহিত করা হয়।
কিন্তু পুলিশ পার্টি অফিসের সামনে একটি ছোট মঞ্চ তৈরির কাজে বাধা দেয় এবং গলির পূর্ব, পশ্চিম মুখে বেরিকেড দিতে শুরু করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
দুপুরে কেন্দ্রীয় নেতারাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী সভাস্থলে জড়ো হতে শুরু করেন; কিন্তু পুলিশ হবিগঞ্জ শহরের সকল প্রবেশ মুখে চেক পোস্ট বসিয়ে সভাস্থলে আসা নেতাকর্মীদের আটক ও হয়রানি করতে থাকে বলে অভিযোগ করা হয় মামলায়।
অভিযোগ করা হয়, এক পর্যায়ে পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সদর থানার ওসি মাসুক আলীর নির্দেশে উপস্থিত বিপুল সংখ্যক পুলিশ সমাবেশ স্থলের সামনে ছাত্রদলের মিছিলে গুলিবর্ষণ শুরু করে। এতে প্রায় ৩০০ (তিনশত) নেতাকর্মী আহত হন।
মামলার বাদী শামছুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ প্রায় ১২শ রাউন্ড গুলিবর্ষণ করেছে। এতে আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন, অনেকের অঙ্গহানি হয়েছে।”
