আশুলিয়ায় কভার্ডভ্যান চাপায় ভ্যানচালক নিহত
ঢাকার আশুলিয়ায় কভার্ডভ্যানের চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার এসআই ফরিদুল আলম জানান।
নিহত রিপন মিয়ার (৪৫) বাড়ি পাবনা জেলায়। আশুলিয়ার গৌরীপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।
এসআই ফরিদুল প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, “ভোরে ভ্যান চালিয়ে বাইপাইলের দিকে যাচ্ছিলেন রিপন। এ সময় নরসিংহপুর এলাকায় একটি কভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।
“পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
