২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন: আইভী নৌকা, তৈমুর হাতি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে প্রার্থীরা প্রতীক পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2021, 08:00 PM

Updated : 10 Oct 2022, 06:29 PM

মঙ্গলবার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।

আওয়ামী লীগ দলীয় মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী ‘নৌকা’ ও স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার পেয়েছেন ‘হাতি’ প্রতীক।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ্ ‘হাতপাখা’, বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস ‘হাত ঘড়ি’, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন ‘দেয়াল ঘড়ি’, বাংলাদেশ খেলাফত আন্দোলনের জসিম উদ্দিন ‘বটগাছ’ পেয়েছেন। স্বতন্ত্র কামরুল ইসলাম বাবু ঘোড়া প্রতীক পেয়েছেন।

প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থীরা তাদের কর্মী সমর্থক নিয়ে মিছিল করতে করতে এলাকায় ফিরে যান।

এদিকে, আইভী ও তৈমুরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে কারণ দর্শাতে বলেছে নির্বাচন কমিশন।

জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান জানান, সিটি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীসহ মেয়র পদে ৭  প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ আসনের কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত আসনের কাউন্সিল পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন অফিস জানায়, সিটি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৫৭। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৩৪ ও মহিলা ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৯ জন এবং হিজড়া ভোটার চার জন।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আইভী ও তৈমুরকে শোকজ

এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সেলিনা হায়াৎ আইভী ও তৈমুর আলম খন্দকারকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার তাদেরকে শোকজ করেন।

তিনি বলেন, “এই দুই প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তাদেরকে ব্যাখা চেয়ে কারণ দশানোর নোটিশ দেওয়া হয়েছে।”

আইভীর নোটিসে বলা হয়, নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করে প্রতীক বরাদ্দের আগে বিজয় সমাবেশের নামে সরকার দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ সরাসরি মেয়র পদে ভোট প্রার্থনা করেছেন বলে স্বতন্ত্র মেয়র প্রাথী তৈমুর আলম খন্দকার অভিযোগ দাখিল করেছেন।

ওই অভিযোগের প্রেক্ষিতে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে লিখিত ব্যাখা আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে দাখিল করতে নোটিসে বলা হয়।

তৈমুর আল খন্দকারের নোটিসে বলা হয়, প্রতীক বরাদ্দের আগে তৈমুর আল খন্দকার মিছিল, সমাবেশ, পথসভা, ভোট প্রার্থনাসহ মসজিদ, মন্দির, গির্জা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখছেন এবং ভোট প্রার্থনা করছেন মর্মে লিখিত অভিযোগ দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আইভীর প্রধান নির্বাচনী এজেন্ট।

ওই অভিযোগের প্রেক্ষিতে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে লিখিত ব্যাখা আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে দাখিল করতে নোটিসে বলা হয়।

রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন, সিটি নির্বাচন বিধিমালা ২০১৬ লঙ্ঘনে অনধিক ৬ মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও উভয়দণ্ডের দণ্ডিত হওয়াসহ প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে।

প্রতীক বরাদ্দ পেয়ে সেলিনা হায়াৎ আইভী বলেন, “বিগত দিনে আমি মানুষের কল্যাণে কাজ করেছি। দলমতের উর্ধ্বে থেকে কাজ করেছি। আমি মানুষকে সেবা করেছি। জনগণই আমার শক্তি।”

বিগত নির্বাচনগুলোর মতো এবারও নারায়ণগঞ্জের মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদী।

তৈমুর আলম খন্দকার তার প্রতিক্রিয়ায় বলেন, জনগণের চাহিদা ও প্রয়োজনে তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন। জনগণের নাগরিক সুযোগ সুবিধা বাড়েনি। জনগণের ওপর ট্যাক্সের বোঝা বাড়ানো হয়েছে।

তৈমুর বলেন, ২০১১ সালের নির্বাচনে দলের নির্দেশে প্রার্থী হয়েছিলেন; দলের নির্দেশেই আবার বসে পড়েছিলেন। এবারের নির্বাচনে তার সঙ্গে দলের সব নেতৃবৃন্দ রয়েছেন।