বাসে ট্রেনের ধাক্কা: বাসটি সরতে পারেনি ‘যানজটের কারণে’
নারায়ণগঞ্জে যানজটের কারণে লেভেল ক্রসিং থেকে বাসটি নামাতে না পারায় ট্রেনের ধাক্কা লাগে বলে প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে কর্তৃপক্ষের ভাষ্য।
শহরের নবাব সিরাজদৌল্লাহ সড়কে এই লেভেল ক্রসিংয়ের অবস্থান। ওই দিন সন্ধ্যায় এই সড়কে প্রচণ্ড যানজট ছিল।
গত রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেইট এলাকায় ট্রেনের ধাক্কায় একটি বাস অনেক দূরে ছিটকে পড়ে চুরমার হয়ে যায়।
এই দুর্ঘটনায় এক শিশুসহ চার জনের মৃত্যু হয় এবং আহত হয় ১০ জন।
ঘটনার প্রত্যক্ষদর্শী শাহাদাৎ হোসেন বলেন, ওই সড়কে সন্ধ্যার আগে থেকে প্রচণ্ড যানজট ছিল। গেইটম্যান ট্রেন আসার সিগন্যাল পেয়ে ‘লেভেল বেরিয়ার’ [প্রতিবন্ধক] নামানোর চেষ্টা করেন।
“এ সময় ঢাকাগামী আনন্দ পরিবহনের বাসটি রেললাইনের উপরে উঠে যায়। কিন্তু যানজটের কারণে বাসটি সামনে ও পেছনে যেতে পারেনি। এ অবস্থায় বাসের চালক ও হেলপার গাড়ির রেখে পালিয়ে যায়। দ্রুত গতিতে ট্রেন এসে বাসটিকে ধাক্কা দেয়।”
অপর প্রত্যক্ষদর্শী ক্ষুদ্র ব্যবসায়ী আলী আহমেদ বলেন, নবাব সিরাজদৌল্লাহ্ সড়কের ফলপট্টি এলাকা পাইকারী ব্যবসা কেন্দ্র। ব্যবসায়িক কারণে লোকজনের আনাগোনা বেশি। এছাড়া ওই সড়ক দিয়ে লোকজনের বাস টার্মিনাল ও লঞ্চ টার্মিনালসহ আশপাশের এলাকায় যাতায়াত করতে হয়।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে বাস চালকেরা গেইটম্যানের সিগন্যাল মানতে চায় না। ওই দিনের ঘটনায় যানজটের কারণে বাসটি সরতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে রেলওয়ে নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই মোকলেছুর রহমান বলেন, বাস-ট্রেন সংঘর্ষ ও চার জনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।
রেলওয়ে নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার আক্তার হোসেন বলেন, গেইটম্যান লেভেল ক্রসিংয়ে প্রতিবন্ধক নামানোর চেষ্টা করেছেন। যানজটের কারণে বাসটি লাইনে উঠে গেলে সরতে পারেনি। এই কারণে দুর্ঘটনা ঘটেছে।
“গেইটম্যান হানিফ ডান পাশে থাকাতে সে প্রাণে বেঁচে গেছে।”
এদিকে জেলা প্রশাসনের তদন্ত কমিটি বাস-ট্রেন সংঘর্ষের ঘটনার প্রকৃত কারণ খুঁজতে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। সোমবার বিকালে তদন্ত কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা বেগমের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেন।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক রহিমা বেগম বলেন, তদন্ত কমিটির কাজ শুরু করেছে। কমিটি ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেছে। দুর্ঘটনায় কারো অবহেলা রয়েছে কিনা সেটি তদন্তের মাধ্যমে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন তদন্ত কমিটির সদস্য, অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল নাজমুল হাসান, ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন প্রমুখ।
