২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে রেললাইনে বাস, ট্রেনের ধাক্কায় নিহত ৩

নারায়ণগঞ্জ শহরে রেল ক্রসিংয়ে উঠে আসা একটি বাসে ট্রেনের ধাক্কায় শিশুসহ তিন জন নিহত হয়েছে; আহত হয়েছে আরও অন্তত দশ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2021, 07:36 PM

Updated : 10 Oct 2022, 06:29 PM

শহরের ১ নম্বর রেলগেইট এলাকায় রোববার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বলে সদর মডেল থানার ওসি শাহ্ জামান জানান।

দুর্ঘটনার পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

এই ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা বেগমের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের একজন হলেন আবুল কালাম (৬৫)। শিশুসহ অন্য আরেক ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

আহতরা হলেন নুরু মিয়া, কাদের মোল্লা, মিজান মিয়া, মনা মিয়া, মনির হোসেন, শাকিল আহমেদ ও এক শিশুসহ অজ্ঞাত পরিচয় আরও চার জন।

রেলওয়ে পুলিশের এসআই মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার সময় ট্রেনটি দ্রুতগামী ছিল। ওই সময় রেল ক্রসিংয়ে থাকা ‘গেইটম্যান ব্যারিয়ার’ ফেলে যানবাহনের গতিরোধ করেন।

“কিন্তু আনন্দ পরিবহনের’ বাসটি উত্তর পাশের ব্যারিয়ার ভেঙে রেল লাইনের সামনে চলে আসে। এ সময় ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়েমুচড়ে যায়।”

এই ঘটনায় রেলওয়ে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান মোখলেসুর রহমান।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাস ও ট্রেনের সংঘর্ষে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দশ পথচারী আহত হয়েছে।

তিনি বলেন, ওই সড়কে যানজট ছিল। বাসটি ট্রেন সিগন্যালের সামনে গেলে হঠাৎ ট্রেন চলে আসে। এ সময় বাসটিকে দ্রুতগামীর ট্রেনটি ধাক্কা দেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শ বাচ্চু মিয়া বলেন, “রাত সোয়া ৮টার দিকে নারায়ণগঞ্জ থেকে আসা ট্রেন-বাস সংঘর্ষে আহত ৮ বছর বয়সী একটি ছেলে মারা গেছে।”

Image
নারায়ণগঞ্জ নগরীর এক নম্বর রেলগেইট এলাকায় রোববার সন্ধ্যায় রেল ক্রসিংয়ে যানজটে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন; আহত অন্তত পাঁচ জন।

নারায়ণগঞ্জ নগরীর এক নম্বর রেলগেইট এলাকায় রোববার সন্ধ্যায় রেল ক্রসিংয়ে যানজটে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন; আহত অন্তত পাঁচ জন।

নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন, ট্রেনটি বিকাল ৫টা ২০ মিনিটে কমলাপুর রেল স্টেশন থেকে নারায়ণগঞ্জ রেল স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ট্রেনটি নারায়ণগঞ্জ স্টেশনে অবস্থান করার কথা ছিল।

“স্টেশনের প্রবেশ মুখে একটি রেল সিগন্যালের সামনে আনন্দ পরিবহন নামের বাসের সাথে ধাক্কা লাগে। এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্তে করতে কমিটি গঠন করবেন।”

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১৫ দিনের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা ও আহতদের চিসিৎসার জন্য ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে বলে তিনি জানান।