গাইবান্ধায় নবনির্বাচিত চেয়ারম্যানকে কুপিয়ে জখম
গাইবান্ধায় শালমারা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে কুপিয়ে জখম করেছে একদল হামলাকারী। এ সময় তার এক স্বজনও আহত হয়েছেন।
রোববার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের শাখাহাতি বালুয়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহত নবনির্বাচিত চেয়ারম্যান আনিছুর রহমানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং জিন্নাহ মিয়াকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জিন্নাহ চেয়ারম্যান আনিছুর রহমানের ভাগ্নি জামাই।
আহত আনিছের ভাগিনা সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন, রোববার সারাদিন ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে আনিছুর রহমান আনিছ নির্বাচিত হন। এরপর আনিছ কন্টোল রুম থেকে ফলাফল নেওয়ার জন্য জিন্নাহ মিয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে উপজেলা সদরে রওনা দেন।
তিনি বলেন, পথে একদল লোক তাদের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। তাদের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীরা পালিয়ে যায়।
“তাদেরকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আনিছের অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।”
আনিছুর রহমানের অবস্থা সংকটপন্ন বলে জানান সিদ্দিকুর।
গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দীন বলেন, “বিষয়টি শুনেছি। তবে এখনও লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
