২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালুপাড়ায় ভোটযুদ্ধে ৩ ভাই

রংপুরের কালুপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটের লড়াইয়ে নেমেছেন তিন ভাই; যাদের একজন বর্তমান চেয়ারম্যান, আরেকজন আগে চেয়ারম্যান ছিলেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2021, 12:20 PM

Updated : 08 Apr 2022, 12:03 AM

জেলার বদরগঞ্জ উপজেলার এই ইউনিয়নটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও তিন প্রার্থী। তবে আলোচনার কেন্দ্রে আছেন এই তিন ভাই।

তিনজনই লড়ছেন সমানে। একে অপরের সমালোচনা যেমন করছেন তেমনি ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতেও ছাড়ছেন না।

বর্তমান চেয়ারম্যান শহিদুল হক চেয়ারম্যান পদে আছেন ২০০৩ সাল থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তার বড় দুই ভাই ঈর্ষান্বিত হয়ে প্রার্থী হয়েছেন।

“ভোটাররা এলাকার উন্নয়ন দেখে ভোট দেবেন।”

বড় ভাই একরামুল হক চেয়ারম্যান ছিলেন ১৯৯১-৯৫ মেয়াদে। গত মাসে সড়ক দুর্ঘটনায় ডান পা হারিয়েছেন তিনি। ভোটযুদ্ধ চালিয়ে যাচ্ছেন অসুস্থ শরীর নিয়েই।

একরামুল বলেন, “বর্তমান চেয়ারম্যান শহিদুল আমার ছোট ভাই। সে দীর্ঘদিন ধরে চেয়ারম্যানের দায়িত্বে থাকলেও এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে। তাই ভোটারদের অনুরোধে আমি প্রার্থী হয়েছি। আমার প্রতি এলাকার মানুষের আস্থা রয়েছে। আমি ভোটে জিতব ইন্নশাআল্লা।”

বর্তমান চেয়ারম্যানের সমালোচনা করেছেন মেজো ভাই মোতালেব হোসেনও, যিনি প্রথমবারের মত প্রার্থী হয়েছেন।

তিনি বলেন, “মানুষ পরিবর্তন চায়। আমরা সম্পর্কে ভাই হলেও অতীত দেখেই ভোটাররা পক্ষ নেবেন। আমার ছোট ভাই শহিদুল চেয়ারম্যান হিসেবে ইউনিয়নে তেমন উল্লেখযোগ্য কোনো কাজ করেনি। ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে ভোটাররা তার প্রতি বিমুখ।”

আর বড় ভাইকে তিনি আমলেই নিচ্ছেন না।

তিন ভাইয়ের এই ভোটযুদ্ধ নিয়ে ইউনিয়নজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ফয়জারপাড়া গ্রামের শ্রমজীবী রহিম উদ্দিন (৩০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন ভাইকে নিয়ে আমরা চিন্তিত। তারা যেভাবে একে অপরের সমালোচনা করে ভোট চাইছেন, এতে মানুষ হাটে-বাজারে, চায়ের দোকানে বসে হাসাহাসি করছে।”

করিম মিয়া নামে একজন ভোটার বিরক্ত হয়ে বলেন, “প্রতিবারই কি এক পরিবারে ভোট দিতে হবে নাকি?”

তবে শঙ্করপুর গ্রামের মুদিদোকানি আবদুল হাকিম (৩৫) তিন ভাইয়ের লড়াইকে দেখছেন স্বাভাবিকভাবে। তিনি শহীদুল ইসলামের সমর্থক বলে জানান।