মাগুরায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত
মাগুরার শালিখা উপজেলায় হামলা চালিয়ে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত শরিফুল মোল্লা (৫৫) উপজেলার শাবলাট গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে।
শনিবার সকাল ১০টার দিকে তিনি মারা যান বলে শালিখা থানার ওসি তারকনাথ বিশ্বাস জানান।
এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তার নিয়ে ওই এলাকার সিরাজ মণ্ডল ও শামসুর রহমানের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শনিবার সকাল ১০টার দিকে অতর্কিতে হামলা চালিয়ে মহব্বত নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়। তাকে বাঁচাতে গিয়ে শরিফুলসহ অন্য কয়েকজন আহত হন।
স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শরিফুলকে মৃত ঘোষণা করেন।
ওসি তারকনাথ বলেন, আহত আরও কয়েকজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
