কক্সবাজার সৈকতে ‘ওয়েভ রানারের’ ধাক্কায় পর্যটক আহত
কক্সবাজার সমুদ্র সৈকতে একটি ‘পারসোনাল ওয়াটার ক্রাফটের’ [ওয়েব রানার] ধাক্কায় এক পর্যটক আহত হয়েছেন।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটেছে।
আহত মো. ফাহিম ওয়াহিদ (২৩) সিলেট নগরীর কোতোয়ালি থানার ১৪ নম্বর ওয়ার্ডের বন্দরবাজারের মোহাম্মদ শামীমের ছেলে।
স্থানীয়দের বরাতে মহিউদ্দিন আহমেদ বলেন, দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বেড়াতে আসা পরিবারের সদস্যদের সঙ্গে মো. ফাহিম ওয়াহিদ সাগরে গোসল করছিলেন।
“এক পর্যায়ে সেখানে চলাচলকারী একটি ‘পারসোনাল ওয়াটার ক্রাফট’ [ওয়েভ রানার] তাকে ধাক্কা দেয়।”
ট্যুরিস্ট পুলিশ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার পরপরই ওয়েভ রানারের চালক পালিয়ে গেছে; দুর্ঘটনাকবলিত ওয়েভ রানারটি জব্দ করা হয়েছে।
স্বজনদের বরাতে এই অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “আহত ফাহিম ওয়াহিদকে ঢাকায় আগারগাঁওয়ে নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাথার পিছনে গুরুত্বর আঘাত পেয়েছেন।"
ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মহিউদ্দিন আহমেদ।
বিভিন্ন কোম্পানির তৈরি কয়েকটি ব্র্যান্ডের ‘পারসোনাল ওয়াটার ক্রাফট’ আছে। ‘পারসোনাল ওয়াটার ক্রাফটকে’ ‘ওয়াটার স্কুটারও’ বলা হয়। এগুলোর মধ্যে রয়েছে কাওয়াসাকির তৈরি ‘জেট স্কি’, ইয়ামাহার তৈরি ‘ওয়াটার রানার’, বোম্বার্ডিয়ারের তৈরি ‘সি-ডু’ এবং হোন্ডার তৈরি ‘অ্যাকুয়া ট্র্যাক্স’।
