নৌকার নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে
ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে।
ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শালেরহাট এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. বনি আমিন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বনি বলেন, “নির্বাচনী কাজ শেষ করে আমাদের দলের নেতাকর্মীরা সোমবার রাত সাড়ে ১২টার দিকে বাড়ি চলে যায়। সকালে ওই ওয়ার্ডের সভাপতি তোহিদুল ইসলাম আমার মোবাইলে ফোন করে নির্বাচনী অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার খবর জানায়। পরে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি, আগুনে অফিসের চেয়ার-টেবিল, ব্যানার ও পোস্টার পুড়ে গেছে।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আহসান হাবীব বলেন, “কারও অফিসে আগুন দিয়ে কখনও ভোট পাওয়া যায় না। ভোট তো দেবে জনগণ। আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছি। আওয়ামী লীগের লোকজনই তাদের অফিসে আগুন দিয়ে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। প্রশাসন তদন্ত করুক। দোষী হলে শাস্তি মাথা পেতে নেব।”
এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন বলে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান।
