ফেনী সদরে ১২ ইউপির আট চেয়ারম্যান বিনা ভোটে জয়ী
প্রতিদ্বন্দ্বী না থাকায় ফেনী সদর উপজেলায় ১২টি ইউনিয়নের আট চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিনা ভোটে। এই আট জনই আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী।
সোমবার ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসীম উদ্দিন বিজয়ীদের হাতে ‘উইনার স্লিপ’ তুলে দিয়েছেন।
বিনাভোটে নির্বাচিতরা হলেন বালিগাঁওয়ে মোজাম্মেল হক বাহার, ফাজিলপুরে মজিবুল হক রিপন, শর্শদীতে জানে আলম ভূঞা, ধর্মপুরে শাহাদাত হোসেন সাকা, কাজীরবাগে কাজী বুলবুল আহমেদ সোহাগ, মোটবীতে হারুন অর রশীদ, ফরহাদ নগরে মোশাররফ হোসেন টিপু এবং কালীদহে দেলোয়ার হোসেন ডালিম।
জয়ী এই আট জনের মধ্যে কালীদহ ইউনিয়নের দেলোয়ার হোসেন ডালিম ছাড়া অপর সাত জন বর্তমানে সংশ্লিষ্ট ইউপিতে চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, তফসিল অনুযায়ী গত রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিভিন্ন ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর মধ্যে বালিগাঁও ইউনিয়নে তিন জন, ফরহাদনগর ইউনিয়নে দুই জন, ফাজিলপুর ইউনিয়নে এক জন ও কালীদহ ইউনিয়নে এক জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।
ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসীম উদ্দিন জানান, ১২টি ইউনিয়নে একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ৫ জানুয়ারি ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
৫ জানুয়ারির এই নির্বাচনে সারা দেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন ৫২ জন।
