চেয়ারম্যান পদে মা-ছেলের লড়াই
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মা-ছেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চতুর্থ ধাপের এই নির্বাচনে আছাব উদ্দিনের ছেলে ইমরান হোসেন মিলন ঘোড়া প্রতীক নিয়ে এবং তার মা মোছা. মিহিলিকা বেগম টেলিফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
ইমরান হোসেন বলেন, নানা জটিলতার কারণে তারা মা-ছেলে দুজনেই মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু সময় না পাওয়ায় মা প্রার্থিতা প্রত্যাহার করতে পারেননি। ফলে নিয়ম অনুযায়ী দুজনেরই প্রার্থিতা রয়েছে।
এই দুই জন ছাড়াও এই ইউনিয়নে আরও পাঁচ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে।
তারা হলেন আনিছুর রহমান আনিস (নৌকা), আবু তাহের মন্ডল শামীম (মোটরসাইকেল), আইয়ুব আলী (চশমা), আমির হোসেন শামীম তালুকদার (ভ্যানগাড়ি) ও রাসেদ মোশারফ শিবলু (আনারস)।
আগামী ২৬ ডিসেম্বর এই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
