২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণ, ২ শিশু আহত

যশোরের শার্শায় কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2021, 06:07 PM

Updated : 08 Apr 2022, 12:01 AM

শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, সোমবার দুপুরে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

আহত ফাহাদ (৮) ওই গ্রামের আসাদুল ইসলামের ছেলে ও শায়ন্তি (৭) কাঠুরিয়া গ্রামের পিন্টু রহমানের মেয়ে।শায়ন্তি এই গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছে।

এদের মধ্যে ফাহাদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শায়ন্তি সাংবাদিকদের বলে, “আমরা দুজনে বাড়ির পাশে আব্দুর রহিমের আমবাগানে খেলছিলাম। সেখানে একটি প্লাস্টিকের প্যাকেট পেয়ে সেটা খুলে দেখি ভেতরে চালের কুড়ার ভিতর লাল টেপ জড়ানো দুইটি বল আছে। ফাহাদ ওই কৌটা দুটা বের করে খেলার বল মনে করে একটির টেপ খুলে ফেললে বিকট আওয়াজ হয়ে সেটি বিস্ফোরিত হয়।”

শায়ন্তি জানায়, “এতে ফাহাদ মারাত্মক আহত হয় এবং আমি হাতে ও মুখে অল্প আঘাত পাই। পরে স্থানীয়রা এসে আমাদের উদ্ধার করে এবং ফাহাদকে হাসপাতালে নিয়ে যায়।”

ওসি বদরুল আলম খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে একটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।