রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে এনেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালের তৃতীয় তলার ৭ নম্বর ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। এ সময় ওই ইউনিটে ৪০ জন রোগী ভর্তি ছিলেন।
তাদের দ্রুত সরিয়ে নেওয়ায় রোগীদের কারও বড় কোনো বিপদ ঘটেনি। তবে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় রোগীসহ ২০-২৫ জন আঘাত পেয়েছেন।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা সোয়া ১১টার দিকে আগুন নেভানো সম্ভব হয় জানিয়ে তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
সিনিয়র স্টাফ নার্স রেখা বেগম বলেন, “হঠাৎ করে বারান্দা থেকে ধোঁয়া এসে অন্ধকার হয়ে যায়। এরপর আমি আর কিছু বলতে পারি না। এ সময় রোগীদের নিচে নামতে দেখেছি।”
মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. একেএম নুরুন্নবী লাইজু বলেন, “৭ নম্বর ওয়ার্ডের ৪০ জন রোগী সবাই ভাল আছেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে মানসিক ওয়ার্ডের বেশি ক্ষতি হয়েছে। আমরা আগুন লাগার কারণ অনুসন্ধানের চেষ্টা করছি।”
