২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবাসহ সহযোগী গ্রেপ্তারে মামলা, গাজীপুর ছাত্রলীগ নেতা বহিষ্কৃত

চার ‘সহযোগী’ ইয়াবাসহ গ্রেপ্তারের পর গাজীপুর জেলা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে ঢাকায় মামলা হয়েছে। এরপর ওই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2021, 12:35 AM

Updated : 10 Oct 2022, 06:28 PM

রোববার কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকারকে বহিষ্কারের কথা জানানো হয়।

শনিবার রাতে জাহাঙ্গীরের ব্যক্তিগত গাড়ি ও তার চালক এবং আরও তিন সহযোগীকে ২৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন জাহাঙ্গীরের গাড়ি চালক রুবেল (২১), সহযোগী রাকিবুল ইসলাম (২১), শান্ত (২১) ও রনি (২১)।

যাত্রাবাড়ী থানায় শনিবার রাতেই মহানগর গোয়েন্দা পুলিশের এসআই রিপন উদ্দিন বাদী হয়ে মাদক মামলা দায়ের করেছেন।

গোয়েন্দা গুলশান বিভাগের উপ-কমিশনার মাহাবুবুল হক সজিব সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী গোলাপবাগ বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীরের গাড়ি চালক রুবেল ইসলামসহ চারজন ব্যক্তি ও একটি প্রাইভেটকার মহানগর গোয়েন্দা পুলিশ আটক করে। পরে প্রাইভেটকারের বিশেষ স্থানে লুকানো অবস্থায় ২৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

“তারা জাহাঙ্গীরের সহযোগী এবং গাড়িটি জাহাঙ্গীরের বলেই জানান গ্রেপ্তাররা।”

রাজধানীর যাত্রাবাড়ী থানার ওসি মাজাহারুল ইসলাম কাজল জানান, এ ব্যাপারে  যাত্রাবাড়ী থানায় শনিবার রাতেই মহানগর গোয়েন্দা পুলিশের এসআই রিপন উদ্দিন বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় মাদক মামলা দায়ের করেন। এ মামলায় পাঁচ নম্বার আসামি হলো জাহাঙ্গীর সরকার।

জাহাঙ্গীর পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে ওসি মাজাহারুল জানান।

পুলিশ জানিয়েছে, আটকের পর জাহাঙ্গীরের সহযোগীরা পুলিশের কাছে স্বীকার করেছেন কক্সবাজার থেকে এসব ইয়াবার চালান এনে তারা গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকারের হাতে তুলে দেন। তার হাত থেকে জেলার বিভিন্ন উপজেলায় থাকা মাদক বিক্রেতাদের মাধ্যমে মাদকসেবীদের হাতে পৌঁছে যায় এসব মাদক।

এই ব্যাপারে জাহাঙ্গীরের মোবাইলে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে গত বছর ও এ বছরে শ্রীপুর থানায় চারটি মারামারির মামলার সন্ধান পাওয়া গেছে। তবে আরও মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। 

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন বলেন, “ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ছাত্রলীগের পক্ষ থেকে একটি সুপরিশপত্র কেন্দ্রে পাঠানো হয়েছে। আমাদের আশা রয়েছে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্র।”

জাহাঙ্গীর ছাত্রলীগ থেকে বহিষ্কার

গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে জাহাঙ্গীর আলম সরকারকে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান-খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য্য স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।