যশোরে ডেকে নিয়ে ছুরিকাঘাতে যুবককে হত্যা
যশোর শহরে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে আরেক যুবক।
রোববার দুপুরে শহরের শংকরপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছাব্বির হোসেন (২০) শংকরপুরের আকবর হোসেনের ছেলে।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, দুপুর সোয়া ১২টার দিকে এক যুবক ছাব্বিরকে ডেকে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. জসিমউদ্দিন বলেন, বেলা ১২টা ২৮ মিনিটের দিকে তাকে হাসপাতালে আনা হয়। সমস্ত শরীর তার রক্তাক্ত ছিল, কোথায় কোথায় আঘাত বোঝার উপায় ছিল না। ওই অবস্থায় হাসপাতালে ভর্তি নেওয়া হয়। দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক সাদিয়া বলেন, “তারা শরীরের অধিকাংশ স্থানে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে।”
নিহত ছাব্বিরের ভাই রাব্বি হোসেন বলেন, ছাব্বির ঢাকায় একটি ওয়েল্ডিং কারখানায় কাজ করতেন। সেখানে নাগরিক সনদপত্রের প্রয়োজন হওয়ায় বাড়ি এসেছিলেন।
“বাস টার্মিনাল এলাকায় বাবার ছোট একটি খাবারের হোটেল রয়েছে। সেখানে সে বসেছিল। এ সময় এলাকার এক যুবক তাকে ডেকে পাশের একটি মাঠে নিয়ে যায়। সেখানে আরেক যুবক তাকে চাকু মারে।”
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায় বলে তিনি জানান।
