গাজীপুরে রোহিঙ্গা যুবক আটক
গাজীপুরে শহরের কোনাবাড়ী থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
কোনাবাড়ী থানার ওসি মো. আবু সিদ্দিক জানান, শনিবার রাতে নছর মার্কেট এলাকা থেকে মো. রুবেল নামের ওই যুবককে আটক করা হয়।
রুবেল (২২) কক্সবাজারের উখিয়া ট্রানজিট ক্যাম্পের আব্দুর রহমানের ছেলে।
রুবেলের বরাতে ওসি বলেন, “রুবেল ৩/৪ মাস আগে মিয়ানমার থেকে এসে উখিয়ার ট্রানজিট ক্যাম্পে ওঠেন। চারদিন আগে ওই ক্যাম্পের আরেক রোহিঙ্গা যুবক তাকে চাকরির প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম নিয়ে যায়। সেখানে যাওয়ার পর রুবেলের কাছে থাকা ৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে তাকে ট্রেনে তুলে দেয় ওই যুবক।
“শনিবার রাতে রুবেল গাজীপুরের জয়দেবপুর জংশনে নেমে নছর মার্কেটের প্রতাবপুর এলাকায় আসেন। এ সময় কথাবার্তায় সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে নাম-পরিচয় জানতে চাইলে রুবেল রোহিঙ্গা বলে স্বীকার করেন।পরে এলাকাবাসীর থানায় খবর দিলে পুলিশ গিয়ে রুবেলকে আটক করে।”
রোববার রুবলকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
