গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হলে ‘নিম্নমানের খাবার’, প্রভোস্টের পদত্যাগ দাবি
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবস হলে নিম্নমানের খাবার দেওয়াসহ বিভিন্ন অভিযোগে প্রভোস্ট মো. শফিকুল ইসলামের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।
শনিবার বিজয় দিবস হলের শিক্ষার্থীরা গণমাধ্যমকর্মীদের জানান, দীর্ঘদিন ধরে তাদের হলে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। হলের যেখানে-সেখানে ময়লা আবর্জনা স্তুপ জমে থাকে। একাধিক বাথরুমের দরজা ভাঙা। এছাড়া পরীক্ষার সময় শিক্ষার্থীদের হল ত্যাগ করতেও বাধ্য করেছেন প্রভোস্ট। এসব সমস্যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েও কোনো প্রতিকার মেলেনি।
এর আগে শুক্রবার দুপুরে বিজয় দিবস হলের সামনে অবস্থান নিয়ে প্রভোস্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা প্রভোস্টের কক্ষে তালা মেরে দরজায় 'প্রভোস্ট সফিক স্যারের পদত্যাগ ব্যতীত এই রুমের দরজা খোলা নিষেধ'- লিখে দেন তারা।
বিজয় দিবস হলের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাকিব ইয়াসার বলেন, “হলের খাবার খুবই নিম্নমানের। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের খাবারের পেছনে আলাদা কোন বরাদ্দ নেই। ২০২০-২১ অর্থ বছরে ৫৪ কোটি ২ লাখ টাকার বাজেট এলেও অধিকাংশ খরচ হয় বেতন ও ভাতাদি বাবদ সহায়তা হিসেবে। ছেলেদের হল ক্যান্টিনগুলোর সবই ইজারা দেওয়া। খাবার পরিবেশনার জন্য ক্যান্টিন বয় ও রান্নার জন্য বাবুর্চির বেতন হল প্রশাসন থেকে দেওয়ার কথা। কিন্তু হল প্রশাসন এই খরচগুলো না দেওয়ার কারণে ইজারাদাররা খাবারের ‘দাম বাড়িয়ে’ ও ‘মান কমিয়ে’ তাদের ক্ষতি পুষিয়ে নিচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আবাসিক শিক্ষার্থীরা।”
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট কমিটির সভাপতি মো. রোকনুজ্জামানের বলেন, এ বিষয়ে শিক্ষার্থী ও উপাচাযের্র সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত সুষ্ঠ সমাধান করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একিউএম মাহবুব বলেন, “বিজয় দিবস হলের বিষয়টি সম্পর্কে জেনেছি। আমরা এটা নিয়ে বসব। তারপর সিদ্ধান্ত গ্রহণ করব। এগুলো বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়। এসব নিয়ে গণমাধ্যমে লেখালেখির দরকার নেই।”
