কক্সবাজারে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাংচুর
কক্সবাজারে সাংবাদিকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করার পাশাপাশি এক ঘণ্টা জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে।
বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর কক্সবাজার প্রতিনিধি নুপা আলম এই অভিযোগ করেছেন।
নুপার অভিযোগ, শনিবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার গোদারবিল গ্রামে তার বাবার বাড়িতে ও তার ভাইয়ের দোকানে হামলা করে স্থানীয় ইয়াবা কারবারিরা।
“আমি বিভিন্ন সময় ইয়াবা কারবারিদের বিরুদ্ধে প্রতিবেদন করায় একটি চক্র আমার ওপর ক্ষুব্ধ ছিল৷ তারা আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। এর আগে তারা আমার বাবা আবুল কাসেম ও ভাই আবুল কামালের ওপর হামলার চেষ্টা করে। সে সময় উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা এর বিচার করে দেন। শনিবার সন্ধ্যায় চক্রটি আবার আমার বড় ভাইয়ের দোকানে ও আমার বাবার বাড়িতে হামলা ও ভাংচুর চালায়।”
রাত সাড়ে ৯টায় পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানান টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান।
ওসি বলেন, “পুলিশ যাওয়ার আগেই প্রতিপক্ষ সটকে পড়ায় কাওকে আটক করা সম্ভব হয়নি।”
লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
