২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

হবিগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2021, 01:39 PM

Updated : 02 Aug 2022, 06:42 PM

হবিগঞ্জের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক সুদীপ্ত দাশ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করেছে আদালত।

সাজাপ্রাপ্ত সৈয়দ হেলাল মিয়া (২৪) জেলার বাহুবল উপজেলার লাকড়িপাড়া গ্রামের সৈয়দ জিতুউর রহমানের ছেলে।

রায় ঘোষণার সময় আসামি হেলাল আদালতের কাঠগড়ায় ছিলেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় আরও দুইজনকে খালাস দিয়েছে আদালত।

আদালতের পিপি আবুল হাসিম মোল্লা মাসুম মামলার নথির বরাতে জানান, হেলাল মিয়ার সঙ্গে ২০১৭ সালের প্রথম দিকে বিয়ে হয় উপজেলার বরগাঁও গ্রামের আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে লাভলি আক্তারের। বিয়ের পর থেকে হেলাল যৌতুকের জন্য তাকে মারধর করতেন। ওই বছরেরই ২৩ সেপ্টেম্বর লাভলিকে মারধর করার পর শ্বাসরোধ করে হত্যা করা হয়।

ঘটনার পর লাভলির ভাই তার স্বামী ও শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে স্বামী হেলল মিয়া, শাশুড়ি সৈয়দা সাহেদা খাতুন ও তাজুল ইসলাম নামে তাদের এক স্বজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

পিপি বলেন, আদালত ২৩ জনের সাক্ষ্য শেষে হেলালকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী হাফিজুল ইসলাম।