২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারের সহস্রাধিক বন্দি পেলেন কোভিড টিকা

গাজীপুরে কাশিমপুর কারাগারের বন্দিদের কোভিড টিকা দেওয়া শুরু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2021, 10:48 PM

Updated : 02 Aug 2022, 06:41 PM

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ ও ২ এর সহস্রাধিক বন্দিকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ভারপ্রাপ্ত জেল সুপার মো. গিয়াস উদ্দিন বলেন, প্রথমদিন এ কারাগারের ১ হাজার ৫০০ বন্দির মধ্যে ৪৬০ বন্দিকে কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। পরবর্তীতে অন্যদেরও টিকা দেওয়া হবে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জ্যেষ্ঠ জেল সুপার আব্দুল জলিল জানান, এ কারাগারের ২৯শ বন্দির মধ্যে ৬শ জনকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

“আদালত ও মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর জেলা প্রশাসক ও গাজীপুরের সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করে এ কার্যক্রম শুরু করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে বাকি বন্দিদেরও টিকা দেওয়া হবে।”

বন্দিদের টিকাদানের প্রথম দিন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, সিভিল সার্জন মো. খায়রুজ্জামান, কারা হাসপাতালের চিকিৎসক (সহকারী সার্জন) সাদিয়া আফরিন তুলিসহ অন্যান্য কারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, রোববার গাজীপুর জেলা কারাগারেও ২ হাজার ২৩২ বন্দিকে টিকা দেওয়া হয়েছে। রোববার পর্যন্ত গাজীপুরের পোশাক শ্রমিক ও কলেজের শিক্ষার্থীসহ মোট ৩৩ লাখ ১৫ হাজার ৫৭৩ জনকে টিকা দেওয়া হয়েছে।

পর্যায়ক্রমে জেলার সব কারাবন্দিকে কোভিড টিকার আওতায় আনা হবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকার দেশের সব নাগরিককে টিকার আওতায় আনতে চাচ্ছে। এর অংশ হিসেবে কারাবন্দিদেরও টিকা দেওয়া হচ্ছে।