রংপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের
রংপুরের পীরগঞ্জ উপজেলায় নির্মাণাধীন মসজিদের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
খালাসপীরহাটে রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান।
মৃত নুরুজ্জামান সরকার (৩৫) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের আছর উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে অন্যান্য শ্রমিকের সঙ্গে মসজিদের নির্মাণকাজে যোগ দেন নুরুজ্জামান।
“এক পর্যায়ে তৃতীয় তলার ছাদ থেকে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যান তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি উল্লেখ করে ওসি বলেন, পরিবারের লোকজন নুরুজ্জামানের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।
