নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার
নওগাঁর মান্দা উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত শাকিল হোসেন (২০) উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
উপজেলার পাকুড়িয়া বাজার এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করার পর শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান মান্দা খানার ওসি শাহিনুর রহমান।
ওসি বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হয় কিশোরী। সে সময় শাকিল ও তার দুই বন্ধু তাকে অপহরণ করে গ্রামের মাঠে নিয়ে যান। সেখানে দুই বন্ধুর সহায়তায় শাকিল তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করেছেন কিশোরীর বাবা।
