২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব, ২ ভাইকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ সদর উপজেলায় ‘মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে’ দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2021, 06:10 PM

Updated : 07 Apr 2022, 11:59 PM

শুক্রবার বেলা ১২টার দিকে সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে তাদের হত্যা করা হয় বলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান।

নিহতরা হলেন ওই এলাকার আলী আকবরের ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও শফিকুল ইসলাম (৩০)।

রফিকুল গ্রামের বাজারে মুদিদোকান চালাতেন।

পরিদর্শক ফারুক স্থানীয়দের বরাতে বলেন, “সম্প্রতি গ্রামে মসজিদের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব দেখা দেয়। দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন রফিকুলের মুদিদোকানে হামলা চালায়। তারা রফিকুলকে পিটিয়ে আহত করে। রফিকুলকে তার ভাই শফিকুল বাঁচাতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

“আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রফিকুল ইসলাম মারা যান। শফিকুলকে ঢাকায় নেওয়া হলে সেখানে রাত ৯টার দিকে তিনিও মারা যান।”

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে বলে জানালেও এখনও কাউকে আটক করতে পারেনি।