২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসার ছাদে নিয়ে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ

গাজীপুরে এক নারীকে বাসার ছাদে ডেকে নিয়ে তার স্বামী গলাকেটে হত্যা করেছে বলে অভিযোগে পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2021, 10:02 AM

Updated : 07 Apr 2022, 11:56 PM

নগরীর ৩৭ নম্বর ওয়ার্ডের গাছা এলাকায় কাউন্সিলর দুলাল মিয়ার বাড়িতে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান।

নিহত জোনাকি আক্তার (২২) ওই এলাকার রাজমিস্ত্রী সুজন মিয়ার স্ত্রী এবং সুনামগঞ্জের দোয়ারা সদর বাজার এলাকার আব্দুল বারেকের মেয়ে।

পুলিশ জানায়, আব্দুল বারেক মেয়ের সঙ্গেই থাকতেন। ঘটনার পর থেকে সুজন পলাতক রয়েছে।

আব্দুল বারেক জানান, জোনাকির সঙ্গে প্রায় তিন বছর আগে রাজমিস্ত্রী সুজনের (৩০) বিয়ে হয়। সম্প্রতি সুজনের সঙ্গে তার স্ত্রীর বিবাদের তৈরি হয়। একই বাসায় তারা আলাদা ঘরে থাকছিলেন।

শুক্রবার রাত পৌনে ৮ টার দিকে ‘কথা আছে বলে’ সুজন বাসার ৫ তলার ছাদে ডেকে নিয়ে যান জোনাকিকে। পরে সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটির আওয়াজ পাওয়া যায়।

বারেক বলেন, সুজন ধারালো অস্ত্র দিয়ে জোনাকির ‘গলায় আঘাত করে’ পালিয়ে যায়। চিৎকার শুনে ভবনের লোকজন ছাদে গিয়ে জোনাকির গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে।

পরে জোনাকিকে উদ্ধার করে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি ইসমাইল।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য জোনাকির  লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।