সিদ্ধিরগঞ্জে দগ্ধ একজনের মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দগ্ধ তিনজনের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রাজধানী ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান।
নিহত মো. মামুন (২৭) লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জ ইউনিনের আন্ধারমানিক গ্রামের মোবারক আলীর ছেলে। আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলস করাখানায় সুপারভাইজার হিসেবে কাজ করতেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় সাততলা ভবনের চারতলায় বাসায় বিস্ফোরণে মামুন ও তার দুই সহকর্মী দগ্ধ হন। তাদের উদ্ধার করে ওই ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে মামুনের শরীরের শতভাগ পুড়ে যায়। চিকিৎসকরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। জীবন ও পারভেজ নামে দগ্ধ অন্য দুইজনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
