শার্শায় নির্বাচনী সহিংসতায় আহত একজনের মৃত্যু
যশোরের শার্শায় নির্বাচনী সহিংসতায় আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঢাকার একটি হাসপাতালে শনিবার ভোর ৩টার দিকে মোস্তাফিজুর রহমান মোস্তাক ধাবক নামের ওই ব্যক্তির মৃত্যু হয় বলে শার্শা থানার ওসি বদরুল আলম খান জানান।
নিহত মোস্তাক ধাবক (৪২) শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার আব্দুল খালেক খতিব ধাবকের ছেলে। তিনি বাগআঁচড়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের সমর্থক ছিলেন।
এদিকে ধাবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আব্দুল খালেকের সমর্থকরা সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত নাভারন-সাতক্ষীরা মহাসড়কের সাতমাইল থেকে বাগআচড়া বাজার পর্যন্ত সড়ক অবরোধ করে খণ্ড খণ্ড মিছিল করে।
গত ১৬ নভেম্বর (মঙ্গলবার) যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে নৌকার প্রার্থী ইলিয়াস কবীর বকুলের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটে।
এতে স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের সমর্থক মোস্তাক ধাবক ও তার বাবা খতিব ধাবকসহ তিনজন আহত হয়।
এ ঘটনায় নৌকার সমর্থক আরিনা বেগম ও স্বতন্ত্র আনারসের সমর্থক নিহতের চাচাত ভাই শফিক ধাবক বাদি হয়ে শার্শা থানায় মামলা করেন।
জেলার সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান জানান, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে গত ১৬ নভেম্বর সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কারাগারে রাখা হয়েছে।
