২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে চাঁদাবাজি মামলার আসামি ছুরিকাঘাতে খুন

যশোর শহরে চাঁদাবাজি মামলার এক আসামি ছুরিকাঘাতে খুন হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2021, 01:50 PM

Updated : 02 Aug 2022, 06:36 PM

শহরের মোল্লাপাড়া কবরস্থান এলাকার একটি চায়ের দোকানের সামনে বুধবার রাত ১২টার দিকে তাকে ছুরি মারা হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম।

নিহত আব্দুর রহমান কাকন (৩৫) ওই এলাকার আব্দুল হামিদের ছেলে।

তার ছোট ভাই রিফাত মিয়া বলেন, কাকন জেলা সৈনিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা তাঁতী লীগের সাবেক সদস্যসচিব। রাতে বাড়ির পাশে নারায়ণ ঘোষের চায়ের দোকানে আড্ডা দিচ্ছেলেন কাকন। সে সময় একদল অজ্ঞাতপরিচয় খুনি তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তন্ময় বিশ্বাস মৃত ঘোষণা করেন।

তার বুকের বাম পাশে ছুরিকাঘাতের গভীর ক্ষত ছিল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চিকিৎসক তন্ময় বিশ্বাস।

ওসি তাজুল ইসলাম বলেন, কাকন বিতর্কিত ব্যক্তি ছিলেন। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজি ও প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে। সর্বশেষ গত ১৭ নবেম্বর তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন যশোর সরকারি এমএম কলেজের শিক্ষার্থী মাহাবুবুর রহমান সাবিত।

ওসি বলেন, কোনো পক্ষ পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করতে পারে। খুনি ধরার জন্য পুলিশের একাধিক দল কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।