২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যালোর দুদিনব্যাপী শিশু সাংবাদিকতা কর্মশালা শেরপুরে

শেরপুরে সনপত্র বিতরণের মধ্য দিয়ে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দুদিনের শিশু সাংবাদিকতা কর্মশালা শেষ হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2021, 09:06 PM

Updated : 10 Oct 2022, 06:23 PM

জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম সম্মেলন কক্ষে সোমবার বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ।

কর্মশালায় মৌলিক সাংবাদিকতা, সংবাদ লিখন, সংবাদের ধারণা, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোন ব্যাবহার করে সংবাদ তৈরি, ভিডিও সংবাদ তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এছাড়া শিশু আইন, শিশু অধিকার এবং জাতিসংঘ শিশু অধিকার সনদ সর্ম্পকেও আলোচনা করা হয় কর্মশালায়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকার তথ্য উন্মুক্ত করার জন্য তথ্য কমিশন গঠন করেছে, প্রতিটি দপ্তরে সিটিজেন চার্টার টানিয়ে দিয়ে সকলের সেবা প্রাপ্তির তথ্য দেওয়া রয়েছে।

“আমি সব সময় পজেটিভ চিন্তা করি। যারা পজেটিভ রিপোর্টিং করেন তারাই সব যায়গায় লিড দেয়, যারা নেগেটিভ তারা হারিয়ে যায়। আজকে তোমরা যারা শিশু রয়েছ আগামী দিনে তোমাদেরকেই দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে।”

এজন্য তিনি তাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।  

তিনি হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিশুদের অধিকার, সম্ভাবনা, সাফল্য এসব তুলে ধরার জন্য এ ধরনের আয়োজন শিশুদের উপযুক্ত নাগরিক ও সফল মানুষ হতে যথেষ্ঠ ভূমিকা রাখবে।

কর্মশালায় শেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিশু সাংবাদিক অংশগ্রহণ করেন। এসব শিশু সাংবাদিক ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক হাকিম বাবুল, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-সম্পাদক সৈয়দা মৌ জান্নাত, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি ও হ্যালোর জেলা সমন্বয়ক এস এম জুবায়ের, শেরপুর নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক মো. জোনায়েদ আনসারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর লেডিস ক্লাবের সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, কালেরকণ্ঠ ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি হাকিম বাবুল প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সহ-সম্পাদক ও হ্যালোর জেলা সমন্বয়ক এস এম জুবায়ের।