২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর এইচএসসি পরীক্ষার্থীদের কোভিড টিকাদান শুরু

রংপুর বিভাগের আট জেলার শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ঠিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2021, 08:40 PM

Updated : 10 Oct 2022, 06:23 PM

সোমবার সকাল ৮টায় রংপুর নগরীর স্টেশন ক্লাব কেন্দ্রে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। 

রংপুরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জানা যায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দশ দিনব্যাপী এই কর্মসূচিতে বিভাগের আট জেলার প্রায় এক লাখ ২৫ হাজার শিক্ষার্থী তাদের জন্মনিবন্ধন কার্ড নিয়ে এসে টিকা গ্রহণ করতে পারবেন।

“এসব শিক্ষার্থীকে ১৫ নভেম্বর থেকে আগামী ২৫ নভেম্বরের মধ্যে করোনার টিকা দেওয়া হবে।” 

এদিকে, রংপুর স্টেশন ক্লাব কেন্দ্রে সকালে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভিড়  দেখা গেছে। অনেক উৎসাহ নিয়ে টিকা গ্রহণের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের অপেক্ষা করতে দেখা গেছে। টিকা নিতে আসা শিক্ষার্থীরা টিকা গ্রহণের পর উচ্ছ্বাস প্রকাশ করেন।

জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার থেকে এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের জন্য টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বিভাগের আট জেলার শিক্ষার্থীদের রংপুর নগরীর স্টেশন ক্লাবের একটি বুথে ফাইজারের এ টিকা দেওয়া হচ্ছে‌। দুই একদিনের মধ্যে উপজেলা পর্যায়েও টিকাদানের বুথ বসিয়ে টিকা দেওয়া হবে। 

বর্তমানে টিকা নিতে আসা এসব শিক্ষার্থীকে আগের নিবন্ধন ছাড়াই জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি গ্রহণ করে তাৎক্ষণিক নিবন্ধনের মাধ্যমে টিকা দেওযা হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগের উপ-পরিচালক আক্তারুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ প্রমুখ উপস্থিত ছিলেন।