২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অপহৃত ব্যক্তি হোটেল থেকে উদ্ধার, আটক ২

কক্সবাজার শহরের এক আবাসিক হোটেল থেকে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত সন্দেহে অভিযোগে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2021, 01:47 PM

Updated : 07 Apr 2022, 11:53 PM

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খাইরুল ইসলাম জানান, সোমবার ভোরে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের একটি আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়।

উদ্ধার হওয়া ব্যক্তি মো. হাবিবুল্লাহ (৫৫)।

আটকরা হলেন- মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকার মো. নাসিমের ছেলে  মো. ইকবাল হোসেন (৩২)  ও কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার মো. নুরুল হকের ছেলে মো. রাশেদুল হক (৩৪)।

ওসি বলেন, রোববার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে দুর্বৃত্তরা হাবিবুল্লাহকে অপহরণ করে শহরের হোটেল-মোটেল জোনের এক আবাসিক হোটেলে জিম্মি রাখা হয়।

পরে অপহরণকারীরা হাবিবুল্লার পরিবারের স্বজনদের কাছ থেকে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। রোববার রাতে ঘটনাটি  র‌্যাবকে জানানো হলে হাবিবুল্লাকে উদ্ধারে অভিযান শুরু করে র‌্যাব।

খাইরুল বলেন " এক পর্যায়ে শহরের হোটেল-মোটেল জোনের সন্দেহভাজক এক আবাসিক হোটেল অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন লোক পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ২ জনকে আটক করা হয়।

“পরে হোটেলটি থেকে জিম্মি অবস্থায় হাবিবুল্লাকে উদ্ধার করা হয়। "

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।