বাড়ির বাগানে গাঁজার চাষ, মালিক গ্রেপ্তার
নেত্রকোণার কেন্দুয়ায় একটি বাড়ির সবজির বাগান থেকে গাঁজার গাছ পাওয়ার পর ওই বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার নওপাড়া ইউপির পাচহার কোনাপাড়া গ্রামের ওয়াসিম মিয়ার বাড়িতে রোববার রাত সাড়ে পৌনে ১০টার দিকে এ অভিযান চালানো হয় বলে কেন্দুয়া থানা ওসি কাজী শাহ নেওয়াজ জানান।
গ্রেপ্তার ওয়াসিম মিয়া (৩০) ওই গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে।
ওসি বলেন, গোপন সংবাদে ওয়াসিমের বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ির পাশের সবজি বাগান থেকে গাঁজার গাছটি পাওয়া যায়।
“গাছটি প্রায় ১৪ ফুট লম্বা ও ওজন প্রায় ১৬ কেজি।”
এ ঘটনায় রাতেই ওয়াসিম মিয়ার বিরুদ্ধে মাদকের মামলা দায়ের করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ওয়াসিম ‘সেবন’ ও ‘বিক্রির’ উদ্দ্যেশে গাঁজা আবাদ করছিলেন বলে পুলিশের অভিযোগ।
