২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে বোনকে হত্যায় ভাইয়ের ফাঁসির রায়

নড়াইলের কালিয়া উপজেলায় কলেজপড়ুয়া এক তরুণীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যার দায়ে তার ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2021, 12:10 PM

Updated : 07 Apr 2022, 11:53 PM

সোমবার নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত রিপন মোল্লা জেলার নড়াগাতি থানার কালিনগর গ্রামের মো. মকসেদ ওরফে মকু মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে ছিলেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি রিপনকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে বলে এ আদালতের পিপি এমদাদুল ইসলাম জানান।

মামলার নথি থেকে জানা যায়, মকু মোল্লার ২০ বছর বয়সী মেয়ে ফাতেমা খানম স্থানীয় একটি কলেজে পড়তেন। পারিবারিক ঝগড়ার জেরে ২০১৯ সালের ১৫ নভেম্বর নদীর ঘাটে কাপড় পরিষ্কার করার সময় তাকে পিটিয়ে এবং ধাক্কা দিয়ে পানিতে ফেলে হত্যা করেন রিপন। পরে লাশ নদীর মধ্যে কাদায় পুঁতে রাখেন।

আদালতের পিপি এমদাদুল ইসলাম বলেন, “রিপনের ছেলে তা দেখে ফেলে। তার কথার ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে এবং রিপনকে আটক করে।”

ঘটনার পর মকু মোল্লা নড়াগাতি থানায় ছেলের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে রিপনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

পিপি বলেন, রিপনের ছেলেসহ এই মামলায় মোট ১৬ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত রিপনকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিল।