জাবিতে অন্যের পরীক্ষা দিতে এসে আটক তরুণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে আসার অভিযোগে এক যুবককে আটক করেছে কর্তৃপক্ষ।
রোববার প্রথমবর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষার পঞ্চম শিফট চলাকালে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে তাকে আটক করা হয়।
আটক শিপন তহিদুল হাসান (২৮) নিজেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে দাবি করছেন।
তার গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার হাঁটুরিয়া গ্রামে বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান সাংবাদিকদের বলেন, "নাজমুল হক নামে এক ভর্তিচ্ছু-শিক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে আসে শিপন। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করেন তিনি।
“জিজ্ঞাসাবদে অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন ওই শিক্ষার্থী। তিনি এখন আমাদের জিম্মায় আছেন, ভ্রাম্যমাণ আদালতও আছে। তার ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।"
আটক শিপন সাংবাদিকদের বলেন, "২০ হাজার টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসেছি।”
একটি কোচিং সেন্টারে ওই পরীক্ষার্থীর সঙ্গে পরিচয় হয় বলে শিপন জানান।
