২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ভোট কেন্দ্রে আহত, ৩ দিন পর মৃত্যু

গাইবান্ধায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত এক যুবক তিন দিন পর হাসপাতালে মারা গেছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2021, 06:56 PM

Updated : 02 Aug 2022, 06:34 PM

রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত হামিদুল হক (৩৫) গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ ধানঘড়া গ্রামের প্রয়াত আবু সরকারের ছেলে। এক ছেলের জনক হামিদুল একটি স্বর্ণকারের দোকানের কর্মচারী ছিলেন।

গত বৃহস্পতিবার রাতে বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ ধানঘড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতায় তিনি আহত হন।

নিহতের শ্যালক গাইবান্ধা শহরের সুখনগর এলাকার বাসিন্দা আরিফুল ইসলামের ভাষ্য, দক্ষিণ ধানঘড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশেই হামিদুলের বাড়ি। বৃহস্পতিবার ভোটের পর রাতে কেন্দ্রে উত্তেজনা দেখা দিলে হামিদুল সেখানে যান।

“ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে এবং রাবার বুলেট ছোড়ে। রাবার বুলেটে হামিদুল আহত হন। তার বুকে, কপালে, নাকে, পেটে ও মাথায় ১৫-২০টি রাবার বুলেট লাগে।”

হামিদুলের স্ত্রী শরিফা বেগমও একই কথা বলেছেন।   

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার পরিদশক (তদন্ত) মো. আবদুর রউফ বলেন, “বিষয়টি তদন্ত না করে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।”