ভাঙার এক মাস আগে মেরামত হচ্ছে টঙ্গী সেতু
মাস খানেক পরেই ভেঙে ফেলা হবে পুরনো টঙ্গী সেতু; কিন্তু যানজট নিরসনের জন্য এই এক মাসের জন্যই সেতুটি মেরামত করছে কর্তৃপক্ষ।
শনিবার সকালে রোডস অ্যান্ড হাইওয়ের প্রধান প্রকৌশলী আব্দুস সবুর এবং বিআরটি প্রকল্প পরিচালক (সেতু বিভাগ) মো. মহিরুল ইসলাম সেতু পরির্দশনে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
মহিরুল ইসলাম বলেন, মাস খানেক পরে টঙ্গী সেতুর পশ্চিম পাশে নির্মাণাধীন পাঁচ লেনের সেতুর নির্মাণ শেষ হবে। তখন পুরানো টঙ্গী সেতু ভেঙে সেখানে নতুন করে আরও একটি পাঁচ লেনের সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবু সাময়িকভাবে সেতুটি সচল রাখতে এবং যানজট কমাতে এর ভাঙা অংশ মেরামত করতে হচ্ছে।
শনিবার কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, কোনো সমস্যা দেখা না দিলে দুই সপ্তাহের মধ্যে মেরামত করা সম্ভব হবে।
গাজীপুর মহানগর পুলিশের ডিসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী যাত্রীসাধারণের ভোগান্তি কমাতে পুরনো টঙ্গী সেতু মেরামত না হওয়া পর্যন্ত পরীক্ষামূলকভাবে ওয়ানওয়ে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। ওয়ানওয়ে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী (পুবাইল) থেকে ঢাকামুখী সব যান টঙ্গীর আব্দুল্লাহপুর তুরাগ নদের ওপর নির্মিত দুই লেনের বেইলি ব্রিজ দিয়ে ডিএমপির সীমানায় প্রবেশ করবে। ময়মনসিংহ, গাজীপুর, মিরের বাজারমুখী সব যানবাহন কামারপাড়া ইজতেমা মাঠসংলগ্ন চার লেনের সেতু দিয়ে জিএমপির সীমানায় প্রবেশ করবে।
যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি থানার পুলিশ সদস্যরাও সড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছেন বলে তিনি জানান।
