ঝিনাইদহে ইউপি নির্বাচন: আওয়ামী লীগ ৬, স্বতন্ত্র ৬
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়টিতে আওয়ামী লীগ ও ছয়টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হয় এই উপজেলার ১২ ইউনিয়নে।
কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে মহেশপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, এসবিকে ইউনিয়নে স্বতন্ত্র আরিফান হাসান চৌধুরী, ফতেপুরে স্বতন্ত্র গোলাম হায়দার লাল্টু, পান্তাপাড়ায় স্বতন্ত্র মাজহারুল ইসলাম স্বপন, স্বরূপপুরে আওয়ামী লীগের মিজানুর রহমান, শ্যামকুড়ে স্বতন্ত্র জামিরুল ইসলাম, নেপায় আওয়ামী লীগের শামসুল হুদা, কাজীরবেড়ে স্বতন্ত্র মো. ইয়ান্নবী, বাঁশবাড়িয়ায় স্বতন্ত্র মো. নাজমুল হুদা রিন্টু, যাদবপুরে আওয়ামী লীগের মো. সালাউদ্দিন আহমেদ, নাটিমায় আওয়ামী লীগের আবুল কাশেম মাস্টার, মান্দারবাড়িয়ায় আওয়ামী লীগের আমিনুর রহমান ও আজমপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. শাহাজাহান আলি বিজয়ী হয়েছেন।
