তাড়াশে লরিচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় লরির নিচে পড়ে তিন মোটরসাইকেল আরোহী দিনমজুর প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোর-বনপাড়া মহাসড়কের মান্নাননগর সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিনুমরিচ এলাকার হরেন কুমারের ছেলে স্বপন কুমার (২২), দিজেন দাসের ছেলে আশিস দাস (২১) এবং একই এলাকার পলক (৩০)।
এরা তিনজনই দিনমজুর। ভাড়ায় চালিত মোটরসাইকেলে তারা নাটোরের বনপাড়া থেকে পাবনার ভঙ্গুরায় বাড়ি ফিরছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার এস আই ডালিম হোসেন জানান, মোটরসাইকেলটিতে চারজন আরোহী ছিল। মোটরসাইকেলটিকে বিপরীতমুখী ঢাকাগামী গ্যাসবাহী লরির নিচে চাপা পড়লে ঘটনাস্থলে তিনজন নিহত হন।
আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে; লরিটি আটক করা হয়েছে বলে জানান তিনি।
