২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে বৈদ্যুতিক খুঁটির চাপায় ২ শ্রমিকের মৃত্যু

ঢাকা নবাবগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক খুঁটি বহনকারী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে খুঁটির নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2021, 01:29 AM

Updated : 02 Aug 2022, 06:34 PM

বুধবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতিয়া ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ হাউজিং এলাকার মো. আলাউদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৫) এবং বরগুনা জেলার বেতাগী উপজেলার বনিয়া গ্রামের বেলায়েত হোসেন ছেলে নাজিম হোসেন ওরফে রাজিব (২৪)।

নবাবগঞ্জ থানার গালিমপুর তদন্ত কেন্দ্রের এসআই আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় ৮-১০ জন শ্রমিক একটি লরিতে কয়েকটি বৈদ্যুতিক খুঁটি নিয়ে তার উপরে বসে নবাবগঞ্জ থেকে কেরানীগঞ্জ যাচ্ছিলো। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গেলে গাড়িতে থাকা খুঁটির নিচে চাপা পড়ে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।

লরিচালক এবং আরও দুই শ্রমিক আহত হয়েছে। চালক রবিউলকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রে নেওয়া হয়েছে ও তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলে জানান এসআই আজাদ।