২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই `বাবা-মায়ের অর্থের চাহিদা মেটাতে'

যশোরে এক ইজিবাইক চালককে হত্যার ঘটনায় এক কিশোরকে আটক করা হয়েছে; যে বাবা-মায়ের অর্থের চাহিদা মেটাতে ইজিবাইক ছিনতাই করতে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশকে জানিয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2021, 02:15 PM

Updated : 07 Apr 2022, 11:51 PM

যশোর কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, সদর উপজেলার ঘুরুলিয়া গ্রাম থেকে বুধবার সকালে ইজিবাইকাটিসহ ১৭ বছরের ওই কিশোরকে আটক করেন তারা।

নিহত আব্দুল্লাহ (১৮) সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মোজাহেদুজ্জামানের ছেলে।

আটক কিশোর (১৭) অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার নাম প্রকাশ করা হল না।

ওসি বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের ঋষিপাড়া থেকে আটক কিশোর ও তার এক বন্ধু আব্দুল্লাহর ইজিবাইকে ওঠে।

“কিছু দূর যাওয়ার পর ঘুরুলিয়া বেলেরমাঠ এলাকায়  আব্দুল্লাহকে ছুরি দিয়ে গলাকেটে হত্যার পর ইজিবাইক নিয়ে পালিয়ে যায় তারা। ”

পরে বাড়ির সদস্যরা রাত সাড়ে ৩টার দিকে আব্দুল্লাহকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল থেকে অল্প দূরে তরফনওয়পাড়া গ্রামের কাঁঠালতলায় একটি ইজিবাইক দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা ওই কিশোরকে আটক পুলিশকে খবর দেয়। এ সময় তার বন্ধু পালিয়ে যায়।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর জানায় যে, স্থানীয় তালবাড়িয়া কলেজে একাদশ শ্রেণিতে লেখাপড়ার পাশাপাশি সে একটি দোকানে ৬ হাজার টাকায় চাকরি করে। কিন্তু তার মা-বাবা তার কাছে আরও টাকা চায়। তাই সে তার বন্ধুকে নিয়ে ছিনতাইয়ের পরিকল্পনা করে।”