রংপুরে ‘স্বামীকে হত্যার চেষ্টা’, স্ত্রী আটক
রংপুরে স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। পুলিশ ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
সোমবার গভীর রাতে নগরীর কলেজপাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহত রমজান আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, আহত রমজানের স্ত্রী শহরের একটি ছাত্রবাসে রান্নার কাজ করেন। সেই সুবাদে তার সঙ্গে ওই ছাত্রাবাসের একটি ছেলের সম্পর্ক গড়ে ওঠার অভিযোগ করে আসছিলেন রমজান। এ নিয়ে একাধিকবার সালিস বৈঠকও হয়েছে।
রমজান আলীর নিষেধ সত্ত্বেও স্ত্রী ওই ছাত্রাবাসে রান্নার কাজ ছেড়ে না দেওয়ায় তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো বলে জানান ওসি।
ঘটনার বিবরণ দিয়ে ওসি বলেন, সোমবার রাত সাড়ে ১২টার দিকে রমজানের স্ত্রী তার কথিত প্রেমিকসহ আরও ১০-১২ জনের সহায়তায় রমজানকে গোয়াল ঘরে ডেকে নিয়ে ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেন। রমজানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে তারা পালিয়ে যায়।
ওসি আখতারুজ্জামান প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রমজানের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে। নতুন করে আর কাউকে আটক করা হয়নি।
সন্দেহভাজন ওই ছাত্রাবাসের শিক্ষার্থীসহ যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।
