রোহিঙ্গাদের অপরাধে না জড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
রোহিঙ্গাদের মাদকপাচার, হানাহানি ও রক্তপাতের মতো অপরাধে না জড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সোমবার সন্ধ্যায় ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীতে কক্সবাজারে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি তাদের হুঁশিয়ারও করেন।
মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে স্মরণ করিয়ে তিনি বলেন, “আর রোহিঙ্গারা যদি কোনোভাবে মাদকপাচার, সংঘাত, হানাহানি ও রক্তপাতের মতো অপরাধে জড়িয়ে যান তাহলে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের দুর্দশা দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যের ও থাকার ব্যবস্থা করে দিয়েছেন, তাদের মিয়ানমার থেকে আসার ও জীবন রক্ষার ব্যবস্থা করে দিয়েছেন।
“সেইদিন অনেক উস্কানি ছিল, আরও অনেক কিছু ছিল। ওই সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আমি যদি ১৬/১৭ কোটি মানুষকে খাওয়াতে পারি, আমরা আরও ১০ লাখ লোককে খাওয়াতে পারব।’ আমরা সেইটি বিশ্বাস করি।”
এদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, “আপনারা (রোহিঙ্গা) কোনোক্রমেই সহিংসতার ( ভায়োলেন্স ) দিকে যাবেন না। আপনার কোনোক্রমেই রক্তপাতের সাথে সংযুক্ত হবেন না। কোনোক্রমেই ইয়াবা ব্যবসার সাথে সংযুক্ত হবেন না। আমাদের নবপ্রজন্ম ও যুবসমাজকেই রক্ষা করতেই হবে এই ইয়াবার কবল থেকে।
“কাজেই আমি মিয়ানমারের জনগোষ্ঠীকে সাংবাদিকদের মাধ্যমে জানাতে চাই, রোহিঙ্গারা যেন সমস্ত অপরাধকর্ম থেকে নিজেদের গুটিয়ে ফেলে। তারা (রোহিঙ্গা) এখানে আছেন, থাকেন। কিন্তু হানাহানি করলে যদি কারো রক্তপাত ঘটান, যদি মাদকের (ড্রাগের) আনা-নেওয়া করেন; তাহলে তাদের জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নিতে আমরা অবশ্যই বাধ্য হব, ” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সম্প্রতি কক্সবাজারে সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ডের কথা অবহিত হয়েছেন জানিয়ে মন্ত্রী মঞ্চে উপস্থিত পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে নির্দেশ দেন কক্সাবাজারে আর যেন কোনো সহিংসতার ঘটনা না ঘটে।
‘কক্সবাজারে রক্তের হোলি খেলা আর চলতে দেওয়া যাবে না। এটি ট্যুরিস্ট প্লেস। এখানে ট্যুরিস্টরা আসবে। আমরা শুনেছি এখানে কয়েকটা প্রাণহানি হয়েছে। আর কোনো সহিংসতা, আর কোনো প্রাণহানি যেন এখানে না হয়। আমরা কোনো সন্ত্রাসী দেখতে চাই না, রক্তপাত দেখতে চাই না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বিকাল সাড়ে ৩টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বেলুন ও পায়রা উড়িয়ে ট্যুরিস্ট পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন। এরপর তিনি শোভাযাত্রা সহকারে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার কার্যালয়ে পৌঁছান। সেখানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শেষে ট্যুরিস্ট পুলিশের বিগত দিনগুলোর কার্যক্রম নিয়ে সম্পাদিত একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন। পরে ট্যুরিস্ট পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিরা।
এর আগে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম নিয়ে নির্মিত একটি ভিডিও প্রমাণ্যচিত্র প্রদর্শিত হয়।
ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোর্শেদুল আনোয়ার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজারের স্থানীয় সংরক্ষিত নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল উদ্দীন, অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন প্রমুখ।
