২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ইউপি নির্বাচনের সংঘাতে আওয়ামী লীগ প্রার্থী আহত

শরীয়তপুর সদর উপজেলায় রুদ্রকর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, বোমা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2021, 05:54 PM

Updated : 10 Oct 2022, 06:22 PM

পালং মডেল থানার ওসি আক্তার হোসেন জানান, রুদ্রকর ইউনিয়নে সুর্বচনী এলাকায় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম ঢালী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান ঢালীর সমর্থদের মধ্যে এ সংঘর্ষ বাঁধে।

দুই ঘন্টা ব্যাপী চলা এ সংঘাতে বোমার আঘাতে সিরাজুল ইসলাম ঢালী (নৌকা) চোখে আঘাতপ্রাপ্ত হন এবং গুলিবিদ্ধসহ অন্তত ৪৭ জন আহত হন। আহত সিরাজুল ইসলাম ঢালীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় আহত বাকিদের ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে  রুদ্রকর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান ঢালীর সমর্থকরা সুর্বচনী বাজারে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সিরাজুল ইসলামের লোকজন বাধা দেয় এবং স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা অস্ত্র-শস্ত্র নিয়ে রুদ্রকর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলা করে। তারা বঙ্গবন্ধুর ছবিতে অগ্নিসংযোগ ও প্রধানমন্ত্রীর ছবিসহ তিনটি মোটর সাইকেল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। খবর পেয়ে আওয়ামী লীগের মনোনীত প্রাথী সিরাজুল ইসলাম সমর্থকরা অস্ত্রসস্ত্র নিয়ে আসলে উভয় দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ সময় ২ ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলাকালে বোমার বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থলে গেলে বিদ্রোহী প্রার্থীর লোকজন পুলিশের উপর হামলা করে।

ওসি বলেন, সংঘর্ষের সময় ঘটনাস্থলে এসআই গৌতমসহ তাদের সাত সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় পালং মডেল থানয় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে শনিবার দুপুরে বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান তার নিজ এক সংবাদ সম্মেলনে বলেন, “আমার সমর্থকরা ভোট চাইতে এলাকায় যেতে চাচ্ছিল। এ সময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর লোকজন আমার কর্মী ও নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর করে। পরে পুলিশ এসে আমার লোকজনের উপর গুলি চালায়।  এতে আমার ২০/২৫ জন নেতা কর্মী মারাত্নক আহত হয়েছে।”