২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট গ্রেনেড হামলায় মৃত্যুদণ্ডিত হুজি নেতার মৃত্যু

সিলেট কারাগারে থাকা একুশে আগস্ট গ্রেনেড হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হুজির সাবেক আমির ও ইসলামিক ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক মাওলানা শেখ আবদুস সালাম মারা গেছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2021, 07:48 PM

Updated : 02 Aug 2022, 06:32 PM

শুক্রবার বেলা আড়াইটার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জ্যেষ্ঠ জেল সুপার মঞ্জুর হোসেন।

তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই হুজি সদস্য বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।

আবদুস সালাম বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন বলে জানান মঞ্জুর।

২১ অগাস্ট গ্রেনেড হামলার দুঃসহ সেই স্মৃতি

২১ অগাস্ট মামলা: পেপারবুক পৌঁছেছে সুপ্রিম কোর্টে  

জ্যেষ্ঠ জেল সুপার জানান, ৬২ বছর বয়সী আবদুস সালাম বগুড়া জেলার ধুনট উপজেলার পেঁচিবাড়ী গ্রামের মৃত শেখ মাজাহার আলীর ছেলে। তার বিরুদ্ধে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে দুটি, হবিগঞ্জ থানায় দুইটি ও সুনামগঞ্জের দিরাই থানায় দায়েরকৃত একটিসহ আটটি মামলা বিচারাধীন রয়েছে।

তার মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেল সুপার।

২০০৪ সালের ২১ অগাস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা করা হয়। 

এই মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেয়।

রায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, খালেদার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

এছাড়া ১১ পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন।

২১ অগাস্ট: বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, তারেকের যাবজ্জীবন

২১ অগাস্ট: রায় শুনে আবার কারাগারে আসামিরা  

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু, তার ভাই মাওলানা তাজউদ্দিন, হুজির সাবেক আমির ও ইসলামিক ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক মাওলানা শেখ আবদুস সালাম, কাশ্মীরি জঙ্গি আব্দুল মাজেদ ভাট, আবদুল মালেক ওরফে গোলাম মোস্তফা, মাওলানা শওকত ওসমান, মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান, মাওলানা আবু সাঈদ ওরফে ডা. জাফর, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, মো. জাহাঙ্গীর আলম, হাফেজ মাওলানা আবু তাহের, হোসাইন আহম্মেদ তামিম, মঈন উদ্দিন শেখ ওরফে মুফতি মঈন, মো. রফিকুল ইসলাম, মো. উজ্জল, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফ।

পরিকল্পনা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করার অভিযোগে দণ্ডবিধির ৩০২/১২০খ/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করে আদালত।