২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সীমান্তের ২ লাশ উদ্ধার তিন দিন পর

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে পড়ে থাকা দুই বাংলাদেশির মরদেহ তিন দিন পর উদ্ধার করে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2021, 06:30 PM

Updated : 02 Aug 2022, 06:32 PM

শুক্রবার বিকাল ৫টায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে তাদের লাশ হস্তান্তর করা হয় বলে কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম জানিয়েছেন।

তাজুল ইসলাম জানান, বিজিবি ও বিএসএফ আলোচনার মাধ্যমে মরদেহ উদ্ধার করা হয়। পরে বিএসএফের কাছ থেকে মরদেহ গ্রহণ করে পুলিশের কাছে দিয়েছে বিজিবি।

বুধবার ভোর রাত থেকে কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকায় ভারতীয় অংশে পড়ে ছিল কানাইঘাটের এরালিগুল গ্রামের হানই মিয়ার ছেলে আরিফ উদ্দিন (২২) ও প্রয়াত লতিফ আলীর ছেলে আশকার উদ্দিনের (২৮) মরদেহ।

স্থানীয়রা জানিয়েছেন, সীমান্ত এলাকার ১৩৩১ নম্বর পিলারের কাছ দিয়ে লালটিলা এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে যান কয়েকজন। মঙ্গলবার রাতে কোনো এক সময় ‘বিএসএফের গুলিতে’ তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ উদ্ধারের ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় তিন দিন ধরে একটি নালার পাশে লাশগুলো পড়ে ছিল।

স্থানীয়দের কাছে জানা যায়, আশকার ও আরিফ মঙ্গলবার রাতে ডোনা সীমান্ত এলাকায় গিয়ে আর ফেরেননি। বুধবার সকালে শোনা যায় ওপারে বিএসএফের গুলিতে দুজন নিহত হয়েছেন। যে স্থানে দুই বাংলাদেশির লাশ পড়ে ছিল সেটি সীমান্তের শূন্যরেখার কাছাকাছি ভারত অংশে।

পুরনো খবর:

সিলেট সীমান্তে দুই বাংলাদেশির নিহতের খবর