২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সীমান্তে দুই বাংলাদেশির নিহতের খবর

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তে ‘বিএসএফের গুলিতে’ দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2021, 06:27 PM

Updated : 02 Aug 2022, 06:32 PM

বুধবার ভোর রাতে কানাইঘাটের ডোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়দের বরাত দিয়ে কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম জানিয়েছেন।

যে দুজন নিহতের খবর পাওয়া গেছে তারা হলেন কানাইঘাটের এরালিগুল গ্রামের হানই মিয়ার ছেলে আরিফ উদ্দিন (২২) ও লতিফ আলীর ছেলে আশকার উদ্দিন (২৮)।

তাজুল ইসলাম বলেন, “এলাকাটি দুর্গম হওয়ায় এখন পর্যন্ত (বিকাল সাড়ে ৪টা) পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তবে সীমান্তের নো-মেন্স ল্যান্ডে দুটি লাশ পড়ে থাকার কথা জানিয়েছেন স্থানীয়রা।”

পুলিশ বিজিবির সহায়তায় মরদেহগুলো উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান ওসি।

স্থানীয়দের বরাতে ওসি জানান, ডোনা সীমান্ত এলাকার ১৩৩১ নম্বর পিলারের কাছ দিয়ে লালটিলা এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে যান কয়েকজন। রাতের কোনো এক সময় ‘বিএসএফের গুলিতে’ তাদের মৃত্যু হয়েছে।